PUJ Obstruction (Pelvi-Ureteric Junction Obstruction) শিশুদের কিডনি ফুলে যাওয়ার (Hydronephrosis) অন্যতম প্রধান কারণ। এই সমস্যার সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো Pyeloplasty।
বর্তমানে কেটে (Open) অথবা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে Pyeloplasty-এর সফলতার হার অত্যন্ত বেশি। কিন্তু অনেক অভিভাবক মনে করেন, অপারেশন সফলভাবে হয়ে গেলেই চিকিৎসা শেষ।আসলে বিষয়টি তা নয়।
সফল অপারেশনের পর নিয়মিত ফলো-আপ কিডনির দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

অপারেশনের পর ফলো-আপ কেন দরকার?
অপারেশনের পর কিডনি সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায় না।ধীরে ধীরে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ ফিরে আসে,কিডনির উপর চাপ কমে,কিডনির কার্যক্ষমতা উন্নত হতে পারে,Hydronephrosis ধীরে ধীরে কমতে থাকে।এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণের জন্য নিয়মিত ফলো-আপ প্রয়োজন।

ফলো-আপে কী কী দেখা হয়?
১. শিশুর শারীরিক অবস্থা- জ্বর হয়েছে কি না,প্রস্রাবে ইনফেকশন হয়েছে কি না,কোমর বা পেটে ব্যথা আছে কি না,প্রস্রাব স্বাভাবিক হচ্ছে কি না,শিশুর বৃদ্ধি ও সার্বিক সুস্থতা।

২. আল্ট্রাসনোগ্রাম (Ultrasound)
ফলো-আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো Ultrasonography।এতে দেখা হয় Hydronephrosis কমছে কি না,কিডনির আকার,কিডনির টিস্যুর পুরুত্ব, নতুন কোনো বাধা তৈরি হয়েছে কি না।মনে রাখতে হবে, অপারেশনের পর অনেক শিশুর Hydronephrosis পুরোপুরি কমতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।তাই শুধু আল্ট্রাসনোগ্রামে সামান্য ফোলা দেখেই অপারেশন ব্যর্থ হয়েছে—এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

৩. Renogram (MAG-3 বা DTPA)
কিছু শিশুর ক্ষেত্রে Renogram করা হয়।এর মাধ্যমে জানা যায় প্রস্রাব ঠিকভাবে বের হচ্ছে কি না, কিডনির কার্যক্ষমতা (Split Renal Function), অপারেশনের আগে ও পরে কী পরিবর্তন হয়েছে।সব শিশুর ক্ষেত্রে বারবার Renogram করার প্রয়োজন হয় না।

৪. রক্ত পরীক্ষা
সব রোগীর ক্ষেত্রে প্রয়োজন হয় না।তবে যেসব শিশুর দুই কিডনিতেই সমস্যা আছে,একটি মাত্র কিডনি আছে,কিডনির কার্যক্ষমতা কম,অন্য জটিল ইউরোলজিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনে রক্ত পরীক্ষা করা হতে পারে।

সাধারণ ফলো-আপের সময়সূচি
শিশুর অবস্থা অনুযায়ী সময়সূচি পরিবর্তিত হতে পারে। তবে সাধারণভাবে—
১. ২–৪ সপ্তাহ: অপারেশনের ক্ষত ও প্রাথমিক সুস্থতা মূল্যায়ন
২. প্রায় ৩ মাস: আল্ট্রাসনোগ্রাম
৩. প্রায় ৬ মাস: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্মূল্যায়ন
৪. প্রায় ১ বছর: আল্ট্রাসনোগ্রাম এবং প্রয়োজনে Renogram
৫. পরবর্তী বছরগুলোতে: নির্বাচিত রোগীদের ক্ষেত্রে বার্ষিক ফলো-আপ

কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?
যদি শিশুর জ্বর হয়,কোমর বা পেটে ব্যথা হয়,বারবার প্রস্রাবের ইনফেকশন হয়,প্রস্রাবে রক্ত আসে,প্রস্রাব কমে যায়,বমির সঙ্গে তীব্র ব্যথা হয় তাহলে দ্রুত শিশু সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

Hydronephrosis কি পুরোপুরি ভালো হয়ে যায়?
সব সময় নয়।অনেক শিশুর ক্ষেত্রে অপারেশনের পরও কিডনিতে সামান্য ফোলা থাকতে পারে।যদি প্রস্রাব স্বাভাবিকভাবে বের হয়,কিডনির কার্যক্ষমতা ভালো থাকে,নতুন কোনো সমস্যা না হয়,তাহলে এই সামান্য ফোলা অনেক সময় উদ্বেগের কারণ নয়।

অপারেশনের পর কি আবার সমস্যা হতে পারে?
খুব কম ক্ষেত্রে পুনরায় বাধা (Recurrent PUJ Obstruction) হতে পারে।এই কারণেই নিয়মিত ফলো-আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো সমস্যা হলে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়।

দীর্ঘমেয়াদে শিশুর ভবিষ্যৎ
সফল Pyeloplasty-এর পর অধিকাংশ শিশুই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করে,খেলাধুলা করতে পারে,স্বাভাবিকভাবে বেড়ে ওঠে,কিডনির কার্যক্ষমতা ভালো থাকে।

Pyeloplasty সফল হওয়ার পরও চিকিৎসা এখানেই শেষ নয়।
নিয়মিত ফলো-আপ, নির্ধারিত সময়ে আল্ট্রাসনোগ্রাম এবং প্রয়োজনে অন্যান্য পরীক্ষা কিডনির দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা: মো: সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (শিশু সার্জারি)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট

🌐 www.drsamiulhasan.com