জন্মের পর অণ্ডকোষ না নামা কী?
গর্ভাবস্থায় শিশুর অণ্ডকোষ পেটের ভেতরে তৈরি হয় এবং জন্মের আগে ধীরে ধীরে অণ্ডথলিতে (Scrotum) নেমে আসে। কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে একটি বা উভয় অণ্ডকোষ জন্মের সময় অণ্ডথলিতে থাকে না। এই অবস্থাকে Undescended Testis (UDT) বা Cryptorchidism বলা হয়।
এটি ছেলেশিশুদের অন্যতম সাধারণ জন্মগত সমস্যা। পূর্ণমেয়াদি নবজাতকের প্রায় ২–৪% এবং অপরিণত (প্রিম্যাচিউর) শিশুদের মধ্যে আরও বেশি দেখা যায়। অনেক শিশুর ক্ষেত্রে প্রথম কয়েক মাসে অণ্ডকোষ নিজে থেকেই নেমে আসে, তবে ৬ মাসের পরও না নামলে শিশু সার্জন কে দেখানো প্রয়োজন।
কেন এটি গুরুত্বপূর্ণ?
চিকিৎসা ছাড়া দীর্ঘদিন অণ্ডকোষ পেট বা কুঁচকিতে থাকলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন – অণ্ডকোষের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া,ভবিষ্যতে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি,অণ্ডকোষে আঘাত লাগার ঝুঁকি বৃদ্ধি,অণ্ডকোষ পাকিয়ে যাওয়া (Testicular torsion),অণ্ডকোষের ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বৃদ্ধি।
সময়মতো অপারেশন করলে এসব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
কীভাবে বুঝবেন?
অভিভাবকেরা সাধারণত লক্ষ্য করেন অণ্ডথলির এক পাশ বা দুই পাশ খালি মনে হয়।গোসল করানোর সময় একটি অণ্ডকোষ অনুভব করা যায় না।মাঝে মাঝে কুঁচকিতে ছোট একটি গুটি অনুভূত হতে পারে।
শুধুমাত্র শারীরিক পরীক্ষার মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে রোগ নির্ণয় করা সম্ভব।
আল্ট্রাসনোগ্রাম কি সবসময় দরকার?
না। অধিকাংশ শিশুর ক্ষেত্রে অভিজ্ঞ শিশু সার্জনের শারীরিক পরীক্ষাই যথেষ্ট। অণ্ডকোষ স্পর্শে না পাওয়া গেলে বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত পরীক্ষা বা ল্যাপারোস্কোপির প্রয়োজন হতে পারে।
কখন অপারেশন করা উচিত?
বর্তমান আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী, ৬ মাস বয়সের পরও অণ্ডকোষ না নামলে ৬–১৮ মাস বয়সের মধ্যে অর্কিওপেক্সি (Orchiopexy) অপারেশন করা সবচেয়ে উপযুক্ত।
অপারেশন যত আগে করা যায়, অণ্ডকোষের স্বাভাবিক বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যকারিতা রক্ষার সম্ভাবনা তত বেশি।
অর্কিওপেক্সি কী?
অর্কিওপেক্সি একটি নিরাপদ ও সফল অপারেশন, যার মাধ্যমে অণ্ডকোষকে অণ্ডথলিতে এনে স্থায়ীভাবে স্থাপন করা হয়। বেশিরভাগ শিশু অপারেশনের দিন বা পরদিন বাড়ি যেতে পারে।
অপারেশনের পর কী হবে?
কয়েক দিনের মধ্যে শিশুর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ে ফলোআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিয়মিত পরীক্ষার মাধ্যমে অণ্ডকোষের বৃদ্ধি ও অবস্থান পর্যবেক্ষণ করা হয়।
কখন দ্রুত শিশু সার্জনের কাছে যাবেন?
নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন জন্মের পর ৬ মাস পার হলেও অণ্ডকোষ অণ্ডথলিতে না থাকা,অপারেশনের পর অণ্ডকোষ আবার উপরে উঠে যাওয়া,তীব্র ব্যথা বা ফোলাভাব,ক্ষত থেকে পুঁজ বা অতিরিক্ত লালচে হওয়া,জ্বরের সঙ্গে ক্ষতের সমস্যা।
অভিভাবকদের সাধারণ প্রশ্ন
অপারেশন না করলে কি সমস্যা হবে?
হ্যাঁ। দেরি করলে ভবিষ্যতে উর্বরতা ও অণ্ডকোষের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।
ওষুধ দিয়ে কি অণ্ডকোষ নামানো যায়?
বর্তমানে অধিকাংশ শিশুর ক্ষেত্রে হরমোন চিকিৎসা নিয়মিতভাবে সুপারিশ করা হয় না। অর্কিওপেক্সিই সবচেয়ে কার্যকর চিকিৎসা।
অপারেশনের পর কি আমার সন্তান স্বাভাবিক জীবনযাপন করতে পারবে?
বেশিরভাগ শিশুই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করে এবং খেলাধুলা, পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে কোনো বাধা থাকে না।
জন্মের পর একটি বা উভয় অণ্ডকোষ অণ্ডথলিতে না থাকলে অপেক্ষা না করে একজন শিশু সার্জনের পরামর্শ নিন। সময়মতো রোগ নির্ণয় এবং ৬–১৮ মাসের মধ্যে অর্কিওপেক্সি অপারেশন আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজনন স্বাস্থ্য ও অণ্ডকোষের স্বাভাবিক বিকাশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

