ইনগুইনাল হার্নিয়া কী?
ইনগুইনাল হার্নিয়া (Inguinal Hernia) হলো এমন একটি অবস্থা, যেখানে পেটের ভেতরের খাদ্যনালী বা চর্বিযুক্ত টিস্যু বা অন্য কিছু কুঁচকির (Groin) একটি দুর্বল পথ দিয়ে বাইরে চলে আসে। এটি শিশুদের একটি খুবই সাধারণ জন্মগত সমস্যা এবং ছেলেশিশুদের মধ্যে বেশি দেখা যায়, যদিও মেয়েদেরও হতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে এটি জন্মের সময় থেকেই থাকে, তবে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে প্রথম চোখে পড়তে পারে।

কেন হয়?
গর্ভাবস্থায় অণ্ডকোষ পেট থেকে অণ্ডথলিতে নামার সময় একটি ছোট পথ (Processus Vaginalis) তৈরি হয়। জন্মের আগে এই পথটি স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি এটি খোলা থেকে যায়, তাহলে সেই পথ দিয়ে খাদ্যনালী নেমে এসে হার্নিয়া তৈরি হতে পারে।

কীভাবে বুঝবেন?
অভিভাবকেরা সাধারণত লক্ষ্য করেন কুঁচকিতে বা অণ্ডথলিতে ফুলে যাওয়া,কান্না, কাশি বা চাপ দিলে ফোলা বড় হয়ে যাওয়া,শিশুটি শান্ত থাকলে ফোলা কমে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া,সাধারণত ব্যথা থাকে না।

কখন এটি জরুরি অবস্থা?
কখনও কখনও হার্নিয়ার মধ্যে অন্ত্র আটকে যেতে পারে (Incarcerated Hernia)। এটি একটি জরুরি অবস্থা।
নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে- ফোলা শক্ত হয়ে যাওয়া,হাত দিয়ে ভেতরে না যাওয়া,তীব্র ব্যথা,বারবার বমি,পেট ফুলে যাওয়া,শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে,ফোলার জায়গা লাল বা কালচে হয়ে যাওয়া।
চিকিৎসায় দেরি হলে খাদ্যনালী র রক্ত চলাচল বন্ধ হয়ে গুরুতর জটিলতা তৈরি হতে পারে।

হার্নিয়া কি ওষুধে ভালো হয়?
না।শিশুদের ইনগুইনাল হার্নিয়া কখনও ওষুধে ভালো হয় না এবং নিজে নিজেও বন্ধ হয় না। একমাত্র কার্যকর চিকিৎসা হলো অপারেশন।

কখন অপারেশন করা উচিত?
রোগ নির্ণয় হওয়ার পর যত দ্রুত সম্ভব অপারেশন করা উচিত।
বিশেষ করে নবজাতক ও প্রিম্যাচিউর শিশুদের ক্ষেত্রে, ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে,যাদের হার্নিয়া একবার আটকে গিয়েছে।এদের ক্ষেত্রে অপারেশন বিলম্ব করা উচিত নয়।

অপারেশন কীভাবে করা হয়?
অপারেশনটি সাধারণ বা কডাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয়।বর্তমানে দুইভাবে করা যায়— ওপেন হার্নিয়া রিপেয়ার,ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার (নির্বাচিত ক্ষেত্রে)।
অপারেশনের সাফল্যের হার খুবই বেশি এবং অধিকাংশ শিশু একই দিন বা পরদিন বাড়ি যেতে পারে।

অপারেশনের পর কী হবে?
কয়েক দিনের মধ্যেই শিশু স্বাভাবিক খেলাধুলা শুরু করতে পারে। ক্ষত পরিষ্কার ও শুকনো রাখতে হবে। নির্ধারিত সময়ে ফলোআপে আসতে হবে। জ্বর, অতিরিক্ত ফোলাভাব বা ক্ষত থেকে পুঁজ বের হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

অভিভাবকদের সাধারণ প্রশ্ন

হার্নিয়া কি নিজে নিজে ভালো হয়ে যায়?
না। শিশুদের ইনগুইনাল হার্নিয়া নিজে থেকে সেরে যায় না।

হার্নিয়া বেল্ট ব্যবহার করা উচিত?
না। হার্নিয়া বেল্ট বা ট্রাস শিশুদের জন্য সুপারিশ করা হয় না এবং এটি জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।

অপারেশন কি নিরাপদ?
হ্যাঁ। অভিজ্ঞ শিশু সার্জনের হাতে এটি একটি নিরাপদ এবং সফল অপারেশন।

শিশুর কুঁচকিতে বা অণ্ডথলিতে কোনো ফোলা দেখলে অবহেলা করবেন না। ইনগুইনাল হার্নিয়া নিজে নিজে ভালো হয় না এবং যেকোনো সময় অন্ত্র আটকে যেতে পারে। তাই রোগ নির্ণয় হওয়ার পর যত দ্রুত সম্ভব অপারেশন করানোই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।