পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ (PUV) কী?
Posterior Urethral Valve (PUV) একটি জন্মগত সমস্যা, যা শুধুমাত্র ছেলেশিশুদের হয়। এতে প্রস্রাবের নালির (posterior urethra) ভিতরে একটি অস্বাভাবিক পাতলা পর্দার মতো অংশ তৈরি হয়, যা প্রস্রাব বের হওয়ার পথে বাধা সৃষ্টি করে। এই বাধার কারণে প্রস্রাবের চাপ ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে মূত্রথলি (Bladder), ইউরেটার, কিডনি ও পুরো প্রস্রাবতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের উপর। এটি শিশুদের দীর্ঘমেয়াদি কিডনি সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
কীভাবে এই সমস্যা হয়?
এই সমস্যা শিশুর গর্ভকালীন বিকাশের সময় তৈরি হয় এবং জন্মের সময় থেকেই থাকে। যেহেতু কিডনি, ইউরেটার, মূত্রথলি এবং প্রস্রাবের নালি একে অপরের সাথে সংযুক্ত, তাই প্রস্রাব বের হতে বাধা পেলে সেই চাপ ধীরে ধীরে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে এবং কিডনির ক্ষতি করতে পারে।
শিশুরা কীভাবে উপসর্গ নিয়ে আসে?
গর্ভাবস্থায় (Antenatal diagnosis): বর্তমানে অনেক শিশুর সমস্যা গর্ভকালীন আল্ট্রাসাউন্ডেই ধরা পড়ে।যেমন- দুই কিডনি ফুলে যাওয়া (Bilateral hydronephrosis), মূত্রথলি বড় হয়ে যাওয়া, মূত্রথলির দেয়াল মোটা হওয়া, Posterior urethra প্রসারিত হওয়া, গুরুতর ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া।
জন্মের পরে শিশুর উপসর্গ হতে পারে- প্রস্রাবের ধারা দুর্বল হওয়া, প্রস্রাব করতে বেশি চাপ দেওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, বারবার প্রস্রাবের ইনফেকশন, পেট ফুলে যাওয়া, ওজন না বাড়া, প্রস্রাব আটকে যাওয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া।
কিছু শিশু পরে বড় বয়সেও আসতে পারে বিছানা ভেজানো, দিনের বেলায় প্রস্রাব ধরে রাখতে না পারা বা বারবার প্রস্রাবের ইনফেকশন নিয়ে।
দ্রুত রোগ নির্ণয় কেন গুরুত্বপূর্ণ?
PUV এর ক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত করা শিশুর ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো শনাক্ত করা গেলে দ্রুত প্রস্রাবের বাধা দূর করা যায়, কিডনির উপর চাপ কমে, ইনফেকশন কমে, কিডনির কার্যক্ষমতা রক্ষা করা যায়, মূত্রথলির স্বাভাবিক বৃদ্ধি হয়, দীর্ঘমেয়াদি জটিলতা কমে। অন্যদিকে দেরি হলে কিডনির স্থায়ী ক্ষতি, ব্লাডারের সমস্যা, বৃদ্ধিতে সমস্য, দীর্ঘমেয়াদি কিডনি রোগ হতে পারে।
কীভাবে রোগ নির্ণয় করা হয়?
আল্ট্রাসোনোগ্রাফি (USG): এতে দেখা যেতে পারে Hydronephrosis, মূত্রথলির দেয়াল মোটা হওয়া, প্রস্রাব জমে থাকা, Posterior urethra প্রসারিত হওয়া
MCUG / VCUG: এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এতে দেখা যেতে পারে প্রস্রাবের নালির প্রসারণ, ব্লাডারের পরিবর্তন, Vesicoureteral reflux।
সিস্টোস্কোপি (Cystoscopy): এটি রোগ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসারও সুযোগ দেয়।
চিকিৎসা কী?
প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হলো শিশুকে স্থিতিশীল করা।প্রথম ধাপে মূত্রথলি খালি করা (ক্যাথেটার দেওয়া ), পানি ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক করা, ইনফেকশন এর চিকিৎসা, কিডনির কার্যক্ষমতা মূল্যায়ন।
মূল চিকিৎসা: বর্তমানে Cystoscopic valve ablation হলো মানসম্মত চিকিৎসা।এতে ছোট ক্যামেরা দিয়ে প্রস্রাবের নালির ভিতরে প্রবেশ করা হয়, বাধা তৈরি করা ভালভ শনাক্ত করা হয়, ভালভ কেটে বা অপসারণ করা হয় ফলে প্রস্রাবের বাধা দূর হয়।
চিকিৎসার উদ্দেশ্য কী?
শুধু প্রস্রাবের রাস্তা খুলে দেওয়াই চিকিৎসার একমাত্র উদ্দেশ্য নয়। মূল লক্ষ্য – কিডনির কার্যক্ষমতা রক্ষা করা, সুস্থ ব্লাডার বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ করা, স্বাভাবিক প্রস্রাবের প্রবাহ নিশ্চিত করা, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা, দীর্ঘমেয়াদে ভালো জীবনমান বজায় রাখা।
দীর্ঘমেয়াদি ফলো-আপ কেন প্রয়োজন?
অনেক অভিভাবক মনে করেন একবার অপারেশন হয়ে গেলে সমস্যা শেষ।কিন্তু বাস্তবে PUV একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ প্রয়োজন এমন রোগ।অপারেশনের পরেও: ব্লাডার অস্বাভাবিক আচরণ করতে পারে, কিডনির কার্যক্ষমতা পরিবর্তিত হতে পারে, নতুন প্রস্রাবজনিত সমস্যা দেখা দিতে পারে।
ব্লাডার ব্যবস্থাপনার গুরুত্ব: PUV রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো সঠিক ব্লাডার ব্যবস্থাপনা। অনেক শিশুর মধ্যে Valve bladder syndrome তৈরি হতে পারে।এতে হতে পারে- ছোট ও অতিরিক্ত সক্রিয় ব্লাডার, ব্লাডারের স্থিতিস্থাপকতা কমে যাওয়া, সম্পূর্ণ প্রস্রাব খালি না হওয়া, প্রস্রাব জমে থাকা।যদি ব্লাডারের সমস্যা ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে অপারেশন সফল হলেও কিডনির ক্ষতি চলতেই পারে।
ব্লাডার ব্যবস্থাপনার অংশ – নির্দিষ্ট সময়ে প্রস্রাব করা (Timed voiding), কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা, পর্যাপ্ত পানি পান, প্রয়োজনে ওষুধ, নির্বাচিত ক্ষেত্রে Clean intermittent catheterization, নিয়মিত ফলো-আপ।
সঠিক ব্লাডার ব্যবস্থাপনার উপকারিতা- কিডনির উপর চাপ কমে, সংক্রমণ কমে, প্রস্রাব নিয়ন্ত্রণ ভালো হয়, শিশুর দৈনন্দিন জীবন উন্নত হয়, ও দীর্ঘমেয়াদে কিডনি সুরক্ষিত থাকে।
শেষ ফলাফল (Final Outcome): সব শিশুর ফলাফল একরকম হয় না।অনেক শিশু ভালো প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন ভালো থাকে। তবে কিছু শিশুর হতে পারে: দীর্ঘমেয়াদি ব্লাডার সমস্যা, Vesicoureteral reflux, Chronic kidney disease এবং অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হয়।
ফলাফল নির্ভর করে রোগ কতটা গুরুতর ছিল, রোগ নির্নয়ের সময় কিডনির অবস্থা, কত দ্রুত চিকিৎসা হয়েছে, ব্লাডার ব্যবস্থাপনা কতটা ভালো হয়েছে, ও দীর্ঘমেয়াদি ফলো-আপের উপর।
শেষ কথা: Posterior urethral valve শুধু একটি প্রস্রাবের বাধা নয়, এটি শিশুর পুরো ভবিষ্যৎ কিডনি ও ব্লাডারের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা, সঠিক ব্লাডার ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ফলো-আপই শিশুর সুস্থ ভবিষ্যতের মূল চাবিকাঠি।
👨⚕️ Dr. Md Samiul Hasan
Associate Professor (Pediatric Surgery)
Neonatal & Pediatric Surgery and Pediatric Urology Specialist

